জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ও ফরম পূরণের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, আবেদন ফি (১,০০০ টাকা) জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চয়ন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি এবং সোনালী ব্যাংকে ফি’র বিশ্ববিদ্যালয় কপি জমা দেওয়ার সময় ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন শর্ত ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স অপশনের ‘অনার্স ভর্তি গাইডলাইন’ লিংকে পাওয়া যাবে। গত বছরের ২০ নভেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।