স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং ছয় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ডগ স্কোয়াডও রাখা হবে।
সোমবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং প্রার্থীরা তাদের বক্তব্য দেবেন, ভোট টানতে তারা নানা কৌশল অবলম্বন করতে পারেন—এটি তাদের রাজনৈতিক কৌশল। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীরা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে তিনি দাবি করেন।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “কেউ এবার কিন্তু পার পাবে না।” তাঁর ভাষ্য অনুযায়ী, বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা রাখা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন নজরদারি থাকবে, কোথাও কোনো বিশৃঙ্খলা হলে দ্রুত তথ্য কেন্দ্রে পৌঁছে যাবে, কে ঘটিয়েছে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “নিরাপদ” অ্যাপসও ব্যবহারের কথা রয়েছে, যা গত পূজার সময় কার্যকর ভূমিকা রেখেছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় আশ্বাস দিয়ে বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
সভায় স্বরাষ্ট্র সচিব, বরিশাল এরিয়ার জিওসি, বরিশাল বিভাগের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।