লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোড এলাকায় অবস্থিত মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই প্রেসে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয় এবং সোহেল রানাকে থানায় নেওয়া হয়।
আটক সোহেল রানা পুলিশের কাছে স্বীকার করেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কারা এই সিল তৈরির অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ভোটের সিল তৈরি সম্পূর্ণ অবৈধ এবং কোনোভাবেই এই প্রেসে এমন কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।