‘বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় হতে পারে এই নির্বাচন’: ইইউ মিশন প্রধান

0
37
‘বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় হতে পারে এই নির্বাচন’: ইইউ মিশন প্রধান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইইউ মিশনের লক্ষ্য হলো একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যক্ষ করা, যা গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত হবে।

ইভার্স ইজাবস জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। যদিও কিছু এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মনে করেন।

বিশেষ করে নির্বাচনকে প্রকৃত অর্থে সার্থক করতে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, ইইউ-র দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইতিমধ্যেই মাঠপর্যায়ে প্রার্থী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের এই মিশনে ২৭টি সদস্য রাষ্ট্রসহ মোট ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছেন। পর্যবেক্ষকদের কাজ হলো সম্পূর্ণ নিরপেক্ষ থেকে প্রক্রিয়াটি মূল্যায়ন করা, কোনো রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা নয়।

ইজাবস আরও জানান, নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করা হবে এবং পূর্ণাঙ্গ সুপারিশসহ চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হবে প্রায় দুই মাস পর। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া উপহার দেবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।