নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি জোট

0
35
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বেসরকারি ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ২৯৯টি আসনের মধ্যে ২৮৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তাদের শরিক দলগুলো জয় পেয়েছে ২০৭টি আসনে। ফলে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ অনেকটাই সুগম হয়ে উঠেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭২টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোট গণনা শেষে এসব আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

সংশ্লিষ্টরা জানান, ভোটাররা আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত প্রকাশ করেছেন। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়।

উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনে নির্বাচন স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। মোট নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। এছাড়া ১২৪টি দেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়।