নির্ধারিত সময়ে শুরু অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ

0
40
নির্ধারিত সময়ে শুরু অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ

নানান নাটকীয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। সব ঠিক থাকলে আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা। তবে এবার ম্যাচের আগে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি—শুরুর সময়েই প্রবল বৃষ্টির আশঙ্কা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু নাও হতে পারে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ খেত্তামারা এলাকার পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে ক্রমাগত নিম্নচাপ তৈরির প্রভাবে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা থাকলেও ঠিক ওই সময়েই স্টেডিয়াম এলাকায় বৃষ্টি জোরালোভাবে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ৬টা থেকে ৭টার মধ্যে আনুমানিক ৫.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং ৭টা ১০ মিনিটের পর বৃষ্টির পরিমাণ কমে ৩.৮ মিলিমিটারে নামার সম্ভাবনা রয়েছে।

এই পূর্বাভাস সত্যি হলে ম্যাচ পরিত্যক্ত হওয়া কিংবা সময় কেটে যাওয়ায় ওভারের সংখ্যা কমে যাওয়ার শঙ্কা থাকবে। বৃষ্টি থামার পর মাঠ কত দ্রুত খেলার উপযোগী করা যায়, তার ওপরই মূলত খেলা হওয়ার বিষয়টি নির্ভর করবে। এছাড়া দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেও ৫০ থেকে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু বা পুরো ম্যাচ সম্পন্ন হওয়া—দুটিই অনিশ্চয়তায় পড়তে পারে।

তবু হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কমেনি। দর্শকচাপ বেড়ে যাওয়ায় কলম্বোগামী বিমানের টিকিট এবং হোটেলের ভাড়া কয়েক গুণ বেড়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায়ও কলম্বোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল; এর মধ্যেই ভারত ও পাকিস্তান নিজেদের অনুশীলন শেষ করে।

গ্রুপপর্বে এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট করে পেয়েছে। নেট রানরেটের কারণে ভারত শীর্ষে, পাকিস্তান আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে; এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সুপার এইট নিশ্চিত হওয়ার সম্ভাবনার কথাও উঠেছে।