ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়ে হারল ইতালি

0
7
ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়ে হারল ইতালি

ক্রিকেটে নবাগত ইতালির বিপক্ষে অনায়াস জয়ই প্রত্যাশা ছিল ইংল্যান্ডের। কিন্তু হাই-স্কোরিং ম্যাচে দুর্দান্ত লড়াই করে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে দেয় ইতালি। শেষ পর্যন্ত ২৪ রানে হেরে গেলেও চারবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়নরা দেখিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

চার ম্যাচ শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইতালি ও স্কটল্যান্ডের পয়েন্ট ২ করে, আর নেপাল এখনও পয়েন্টশূন্য।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২০২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন উইল জ্যাকস। ২২ বলে খেলা তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। এছাড়া টম ব্যান্টন করেন ৩০, ফিল সল্ট ২৮, স্যাম কারান ২৫ এবং বেথেল জ্যাকব ২৩ রান যোগ করেন।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি থামে ১৮০ রানে। বেন মানেতি মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। গ্রান্ট স্টেয়ার্ট ২৩ বলে ৪৫ এবং জাস্টিন মোস্কা ৩৪ বলে ৪৩ রান করেন।

ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারান তিনটি করে উইকেট নেন, আর জোফরা আর্চার নেন দুটি উইকেট।