রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে এনসিপির নির্বাচিতদের শপথ

0
30
রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে এনসিপির নির্বাচিতদের শপথ

রাজনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত শপথ গ্রহণ করছেন এনসিপির নবনির্বাচিত সদস্যরা। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সদস্যরাও শপথ গ্রহণ করেন।

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে শুরুতে আপত্তি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মতো তাদের জোটসঙ্গী এনসিপির মধ্যেও শপথ গ্রহণ নিয়ে দ্বিধা দেখা দেয়।

তবে আলোচনা ও পর্যালোচনার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত এনসিপির সদস্যরা শপথ গ্রহণে অংশ নেন। তারা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে—দুটি শপথই নেন। প্রায় এক ঘণ্টা আগে তাদের জোটের শরিক জামায়াতে ইসলামীর সদস্যরাও একইভাবে দুটি শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নেওয়ার পর নির্ধারিত স্থানে শপথপত্রে স্বাক্ষর করেন সদস্যরা।

দেশের আইনসভার সদস্যরা সাধারণত সংসদের স্পিকারের কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে থাকায় এবার নতুন সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেন।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধৃত করে দলের মিডিয়া গ্রুপে বলা হয়, “জনগণ জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি।” একই বক্তব্যে বিএনপির সমালোচনাও করা হয়।