মন্ত্রিসভায় শপথের ডাক পেয়েছেন জোনায়েদ সাকি ও নুর

0
31
মন্ত্রিসভায় শপথের ডাক পেয়েছেন জোনায়েদ সাকি ও নুর

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও পটুয়াখালী-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলগুলোর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেও কোন মন্ত্রণালয়ের জন্য, পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, তা নিশ্চিত নয়। কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, তা নির্ধারণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনে নির্বাচন হয়নি এবং জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।