শেরপুর সীমান্তে অভিযান: প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

0
35
শেরপুর সীমান্তে অভিযান: প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির একটি টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

জব্দ করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।