নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

0
36
নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও এ বিষয়ে কঠোর অবস্থান থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনার পাশাপাশি ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, “আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান—তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম তৈরিতে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে—তার জবাবদিহি তারা দেবেন না। তবে তিনি দাবি করেন, “আমাদের বিগত সরকারের সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না।” এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে। বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, সরকার বিষয়টি অবগত এবং সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পাঠ্যপুস্তক প্রণয়নে উন্নত দেশগুলোর অনুসৃত বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই সরকারের লক্ষ্য। তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পরপরই সব বিষয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি, তবে শিক্ষা সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে এবং জবাবদিহির মধ্যেই কাজ করা হবে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।