মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

0
28
মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, যারা মব করছেন তাদের এখান থেকে সরে আসা উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, যা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই সবাইকে কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপরই বর্তাবে।

হ্যাঁ-না ভোট প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটি উত্থাপিত হবে। ‘হ্যাঁ’ ভোটের জন্য আলাদা কোনো শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটিই জুলাই সনদ।

তিনি আরও বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে, সেটি ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে উত্থাপিত হবে এবং আলোচনা হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটিও সেখানে নির্ধারিত হবে। এ ব্যাপারে আইনবিদরা ইতোমধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি পুনরায় জোর দিয়ে বলেন, হ্যাঁ-না ভোট নিয়ে আলাদা করে কথা বলার বা শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সংসদে স্বয়ংক্রিয়ভাবে উত্থাপিত হবে এবং যা হওয়া দরকার তাই হবে। তিনি বলেন, সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় এবং দেশকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, তবে সব ইস্যুতে বিরোধিতা করতে হবে—এমন অবস্থান থেকে সরে এসে দেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজে মনোযোগী হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।