মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

0
6
মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই কার্যক্রম শুরু করে কিছু কিছু এলাকায় খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান করা হবে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমও তার পাশে ছিলেন।

মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা ও উৎসব ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফিং নিয়েছেন এবং অনেক পুরোনো কর্মজীবীর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীরা নীতিগত কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।