মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন

0
20
মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’ উল্লেখ করে নাগরিকদের উদ্দেশে এই জরুরি সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদোলুর।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

স্টেনগার্ড আরও বলেন, ‘এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত, অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তাদের ব্যক্তিগত উদ্যোগেই থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে তাদের সরিয়ে আনতে কোনো সহায়তা দিতে পারবে না।’

এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’ উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পরররাষ্ট্রমন্ত্রী।