শিশু গৃহকর্মী নির্যাতন: আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী

0
28
শিশু গৃহকর্মী নির্যাতন: আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী

শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের স্ত্রী বিথী আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জবানবন্দি রেকর্ডের আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় আসামি বিথীকে পুলিশ রিমান্ডে নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে থানায় আনা হয়। থানা হাজতে রেখে মামলার ঘটনা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন এবং আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা পোষণ করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন। মামলার ব্যাপক তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরদিন বিমানের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেও শেষ পর্যন্ত জবানবন্দি দেননি সাফিকুর রহমান। তবে মামলার অপর আসামি গৃহকর্মী মোছা. সুফিয়া খাতুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওইদিন তাদের দুজনকেও কারাগারে পাঠানো হয়।