জ্যাকস-আর্চারের তোপে শ্রীলঙ্কা গুঁড়িয়ে, ইংল্যান্ডের ৫১ রানের জয়

0
11
জ্যাকস-আর্চারের তোপে শ্রীলঙ্কা গুঁড়িয়ে, ইংল্যান্ডের ৫১ রানের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে না পারলেও দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ৯৫ রানে গুটিয়ে দেয় ইংলিশরা।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্রথম পাঁচ ব্যাটারকে হারায় তারা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের আগুনে বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধিনায়ক দাসুন শানাকা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন শানাকা। কামিন্দু মেন্ডিস করেন ১৩ রান। দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকসেনা ১০ রান করে যোগ করেন। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, দুজন রানের খাতাই খুলতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে উইল জ্যাকস সর্বোচ্চ তিনটি উইকেট নেন। জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পান জেমি ওভারটন।

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা ভালো হয়নি ইংলিশদের। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় তারা। জস বাটলার ৭, জ্যাকব বেথেল ৩ ও টম ব্যান্টন ৬ রান করে আউট হন। হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন।

তবে ওপেনার ফিল সল্ট দারুণ ইনিংস খেলেন। ৪০ বলে ৬২ রান করেন তিনি, ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। এছাড়া উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান যোগ করেন।

শ্রীলঙ্কার হয়ে দুনিথ ভেল্লালাগে ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন দুশমন্থ চামিরা। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।