রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে একান্ত নিজস্ব এক জগৎ, যেখানে তিনি ভীষণ সাধারণ এবং প্রকৃতিপ্রেমী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা বরাবরই স্পষ্ট। এবার সেই অনুরাগেরই এক ঝলক দেখা গেল তার ছোট্ট বাগানে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে তাকে দেখা যায় একেবারে ঘরোয়া সাজে, নিজের যত্নে গড়ে তোলা বাগানের পরিচর্যা করতে। ভিডিওতে তিনি মাটি থেকে মুলা তুলে দেখান, মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে—কী যে এক শান্তির অনুভূতি।’ তার মতে, জীবনের বড় আনন্দগুলো লুকিয়ে থাকে খুব ছোট ছোট মুহূর্তে। বিশেষ করে নিজের হাতে ফলানো সবজির আনন্দই আলাদা। তিনি আরও লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’
পোস্টটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। পর্দার চাকচিক্য সরিয়ে মাটির কাছাকাছি থাকা সহজ-সরল জয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ব্যস্ততার মাঝেও প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খুঁজে নেওয়ার বার্তাই যেন সবার কাছে পৌঁছে দিলেন জয়া আহসান।