এনআইডি নিয়ে সুখবর দিলো নির্বাচন কমিশন

0
5
এনআইডি নিয়ে সুখবর দিলো নির্বাচন কমিশন

বাংলাদেশের যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তারা এখন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধন আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি প্রদান করবে এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন জাতীয় পরিচয়পত্র পেতে হলে একজন নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। ফলে ১৬-১৭ বছর বয়সী তরুণ-তরুণীরা ব্যাংক হিসাব খোলা, সিম কার্ড ক্রয়, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্রের অভাবে নানা জটিলতায় পড়তেন। নির্বাচন কমিশনের এই নতুন সিদ্ধান্তের ফলে সেই সমস্যার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে ১৮ বছর পূর্ণ হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার বিধানটি ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজতর ও যুগোপযোগী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।