বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

0
7
বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

দক্ষিণ ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাঁদের বিয়ের খবরে সিলমোহর দিলেন। দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনা চললেও এতদিন নীরবতা বজায় রেখেছিলেন এই তারকা জুটি। অবশেষে সেই নীরবতা ভেঙে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন তাঁরা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এই তারকা জুটি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন এক বার্তায় তাঁরা লেখেন, ‘আমাদের প্রিয় প্রেমী, আমরা কিছু পরিকল্পনা করার বা সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের পাশে ছিলে। অনেক ভালোবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে “বিরোশ”।’

পোস্টে তাঁরা আরও লেখেন, ‘তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে। তাই নাম হিসেবে আমরা বেছে নিয়েছি “বিরোশের বিয়ে”।’ শেষে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকায় তোমাদের ধন্যবাদ।’

বিয়ের খবরে সম্মতি দিলেও তারিখ বা ভেন্যু সম্পর্কে এই জুটি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ের মূল অনুষ্ঠান হবে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।

জানা গেছে, পুরো আয়োজনের গোপনীয়তা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জীবনের এই বিশেষ মুহূর্তকে একান্তই ব্যক্তিগত রেখে নিজেদের মতো করে উদ্‌যাপন করতে চান এই তারকা দম্পতি।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে শোবিজ জগতের বন্ধু ও সহকর্মীদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।