ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে কোনো ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করে, তবে তাকে ইরানের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে।
সংবাদ সম্মেলনে বাঘাই স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনো পদক্ষেপ গ্রহণকারী দেশকে সরাসরি হামলাকারীদের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, “এটি যুদ্ধের শামিল। যারাই এই সংঘাতে যোগ দেবে, তেহরান তাদের আক্রমণকারী হিসেবেই দেখবে।” মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রুখতে ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য পদক্ষেপের খবরের পরিপ্রেক্ষিতেই তেহরান এই কড়া প্রতিক্রিয়া জানাল।
ইরানে হতাহতের সংখ্যা বেড়ে ৭৮৭:
গত চার দিন ধরে ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠ পর্যায়ের তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে যে, আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্যানুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি সামরিক ও কৌশলগত অবস্থান লক্ষ্য করে ১০০০-এর বেশিবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও নিহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি, তবে রেড ক্রিসেন্ট জানিয়েছে যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।