ভিআইপি প্রটোকল কমায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে

0
18
ভিআইপি প্রটোকল কমায় রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল ও ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, রাজধানীর যানজট পরিস্থিতি ও যানবাহনের গতি-প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ভিআইপি প্রটোকল কমানোর ফলে যান চলাচলে বাধা কমেছে এবং গতি কিছুটা বেড়েছে।

তিনি জানান, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের নির্দেশনা দেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিবেদনটি অবলোকন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here