জাতীয় সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে, যা আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই অধ্যাদেশটি আইন হিসেবে গ্রহণ করা হবে কি না।
আসন্ন স্থানীয় নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটানোর চেষ্টা বরদাশত করা হবে না। সরকার সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।” নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার করেন যে, যদি নির্বাচন নির্দলীয় হয়, তবে সেখানে নির্দিষ্ট কোনো দলের অংশগ্রহণের বিষয়টি সরকারের আমলে নেওয়ার প্রয়োজন নেই।
এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট আসা প্রতিমন্ত্রী এদিন সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সিলেটের জলাবদ্ধতা নিরসনসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। তিনি আরও জানান, সিলেট নগরীর কবি নজরুল অডিটরিয়ামের নাম পরিবর্তন করে আবারও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।