স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

0
30
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে ব্রিফিংকালে জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুততম সময়ের মধ্যে ‘ই-হেলথ’ কার্ড চালুর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের তাগিদ দেন। উদাহরণ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৭০টি পরিত্যক্ত ভবনের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্থাপনা সংস্কার করে সাধারণ মানুষের ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম গ্রহণ করছে, যা পরিকল্পিত উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ কোটায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সেখানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করেন যে, সরকারি স্বাস্থ্যসেবাকে কার্যকর করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও দায়বদ্ধ হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here