আকাশসীমা বন্ধ: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল

0
27
আকাশসীমা বন্ধ: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথ বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে নজিরবিহীন বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত মাত্র ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যানুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে এই সংকটের শুরু। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। আজ ৫ মার্চ বৃহস্পতিবার আরও ৩৪টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। আজকের বাতিলের তালিকায় কাতার এয়ারওয়েজ, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ ও এয়ার অ্যারাবিয়ার মতো বড় এয়ারলাইন্সগুলো রয়েছে। এর মধ্যে শারজাহ রুটে এয়ার অ্যারাবিয়ার সর্বোচ্চ ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আজ ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত রুটে তাদের সব ফ্লাইট স্থগিত রেখেছে। তবে জরুরি প্রয়োজনে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here