গণভোটের রায় উপেক্ষা করলে ‘আরেকটি ৫ আগস্ট’ ঘটবে: জামায়াত এমপি মাসুদ

0
48
গণভোটের রায় উপেক্ষা করলে ‘আরেকটি ৫ আগস্ট’ ঘটবে: জামায়াত এমপি মাসুদ

জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার দাপটে প্রত্যাখ্যান করলে দেশে আরও একটি ‘৫ আগস্ট’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা যদি আপনারা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতার দাপটে প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন—জনগণ গত ৫ আগস্ট রাজপথে গিয়ে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে। সেই জনতাকে উপেক্ষা করার পরিণতি শুভ হবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পর আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থানই ছিল জনগণের প্রকৃত রায়। ওই আন্দোলনে দেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত ব্যক্ত করেছে, তাকে অস্বীকার করা মানে হলো আরেকটি গণঅভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে।”

জামায়াতের এই এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, ১১ দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ থেকে সরকার জনগণের পালস বা মনোভাব বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে।”

উল্লেখ্য, বাদ আসর শুরু হওয়া এই সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কর্মসূচি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here