জামালপুর র্যাব-১৪-এর একটি দল শেরপুরে অভিযান চালিয়ে জাল টাকা ও এটি তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মুর্শিদুল হক নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মুর্শিদুল হককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকার জালনোট, একটি মনিটর, তিনটি প্রিন্টার, একটি মোবাইল ফোন এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।