বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন

0
21
বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন

ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের ম্যাচের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী ওয়ানডেগুলো ছিল দিবা-রাত্রির এবং টি-টোয়েন্টির কিছু ম্যাচ হওয়ার কথা ছিল সন্ধ্যায়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে এখন সব ম্যাচ দিনের আলোতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “জাতি হিসেবে আমাদের সবারই দায়িত্ব বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখা। সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে দিনের আলোয় ম্যাচ শেষ করতে।”

ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য একটি ধারণা দিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা কিংবা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হতে পারে। অন্যদিকে, টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা ২টা ৩০ মিনিট থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

তামিম বলেন, “বিদ্যুৎ বাঁচাতে যতটুকু সম্ভব লাইটের ব্যবহার কম করা যায়, আমরা সেই চেষ্টা করছি। যদি লাইটের আলোয় ম্যাচ খেলতেই হয়, তবে তা হবে খুবই সীমিত সময়ের জন্য।”

মূলত সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই বিসিবি, ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সবাই এই নতুন সূচি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজের চূড়ান্ত সময়সূচি খুব দ্রুতই বিস্তারিত জানানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here