ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিমনগর এলাকা থেকে শুভ (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় ইকুরিয়া বেয়ারা বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি চৌকস দল ইকুরিয়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালে দায়ের করা একটি মাদক মামলায় আদালত শুভকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পলাতক জীবনযাপন করছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।