বিগত এক দশক ধরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সেই বলয় ভেঙে ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে এবার বড় উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা গ্রহণ করেছে বোর্ড।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর সেখানে নিয়মিত কোনো আন্তর্জাতিক আয়োজন দেখা যায়নি। একইভাবে খুলনায় ২০১৬ সালের পর এবং ফতুল্লায় ২০১৪ সালের পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা হারিয়েছে। এই স্থবিরতা দূর করতে এবার নড়েচড়ে বসেছে বিসিবি।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। পরিদর্শন শেষে জানানো হয়, মাঠটিকে আবারও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানান, আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তার আগে মাঠের ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাডলাইট আধুনিকায়নের পাশাপাশি ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি সংস্কারের কাজ গুরুত্বের সঙ্গে শেষ করতে হবে।
বগুড়ার কাজের অগ্রগতি পর্যালোচনার পর বিসিবির প্রতিনিধি দল খুলনা স্টেডিয়াম পরিদর্শনে যাবে বলেও জানা গেছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই ভেন্যুগুলো প্রাণ ফিরে পেলে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।