শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। উপবৃত্তি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে যদি এর পরিমাণ বাড়ানোর প্রয়োজন হয়, তবে সরকার তা অবশ্যই করবে।
তিনি আরও জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা ক্ষেত্রে উৎসাহিত করার একটি মাধ্যম, তাই এই প্রক্রিয়াকে সরকার কোনোভাবেই বাতিল করতে চায় না।
বৃত্তি পরীক্ষা চলমান থাকা প্রসঙ্গে ববি হাজ্জাজ উল্লেখ করেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালার আলোকেই পরিচালিত হচ্ছে। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখেই শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেওয়ার এই প্রক্রিয়াটি চালু রাখা হয়েছে বলেও জানান তিনি।