ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বাণিজ্য মন্ত্রণালয়ের শোকবার্তায় জানানো হয়, রক্তের প্লাটিলেট হঠাৎ কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তার পেশাদারিত্ব ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।