নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে: জাহেদ

0
20
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে: জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, “তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়া স্বাভাবিক হলেও সরকার কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বরদাশত করবে না।”

উপদেষ্টা জানান, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে।

দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে তিনি ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত এবং পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়। তবে পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনার জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশন করা হয়েছে।”

বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পাচারকে দায়ী করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সবশেষে তিনি দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ ও সমন্বয় চলছে।”

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here