ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন

0
20
ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএনপি ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে, যা গণভোটের চেতনার পরিপন্থী। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে প্রথম দিন থেকেই সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিপুল পরিমাণ টাকা ছাপিয়েছে এবং ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ না করলে এনসিপি তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তোলেন।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সভায় কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here