রাউজানে যুবককে গুলি করে হত্যা

0
16
রাউজানে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবলু স্থানীয় আবুল কালাম সওদাগরের ছেলে। পেশায় কৃষক বাবলু বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতেন, তবে তার কোনো সাংগঠনিক পদ ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পূর্ব আইলীখীল এলাকার একটি টিলার পাশে মাটি কাটার যন্ত্রের (এক্সকাভেটর) কাছে বাবলু গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবলু মাছ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তবে স্থানীয়দের দাবি, বাবলু ও তার সহযোগীরা ওই এলাকায় টিলা কেটে মাটি বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ব্যবসার অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতের স্ত্রী লিজা মনি জানান, বাবলু কয়েকদিন আগে এলাকায় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির সময় অস্ত্র সংক্রান্ত বিষয়ে ভিডিও ধারণ করেছিলেন, যা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানিয়েছেন, প্রাথমিকভাবে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ইতোমধ্যে কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here