ক্রিকেটে অসম্ভবকেও সম্ভব করে দেখাল পাঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে দলটি।
এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও ছিল পাঞ্জাবের দখলে—২০২৪ সালে তারা ২৬২ রান তাড়া করে জিতেছিল। এবার নিজেদের রেকর্ডই ভেঙে নতুন ইতিহাস লিখল তারা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাঞ্জাব। ওপেনিং জুটিতে প্রভশিমরন সিং ও প্রিয়াংশ আর্য পাওয়ার প্লেতেই তুলে নেন ১১৬ রান। মাত্র ৬.৫ ওভারে ১২৬ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। আর্য ১৭ বলে ৪৩ রান করে আউট হন, আর প্রভশিমরন ২৬ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
মধ্যক্রমে শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধিরা গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত আইয়ার ৩৬ বলে অপরাজিত ৭১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শশাঙ্ক সিং ১০ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুল ও নিতিশ রানা মিলে ২২০ রানের বিশাল জুটি গড়েন। রানা ৯১ রান করে আউট হলেও রাহুল খেলেন দুর্দান্ত ইনিংস—তিনি ১৫২ রানে অপরাজিত থেকে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত স্কোর গড়েন।
২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রান করেও জয় পায়নি দিল্লি। পাঞ্জাবের রেকর্ড গড়া রান তাড়ায় ম্যাচটি পরিণত হয় আইপিএলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াইয়ে।