কুষ্টিয়ায় ভাঙা হাতের অপারেশন করতে গিয়ে তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকার একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সন্ধ্যায় অপারেশন চলাকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্বজনরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে বিক্ষুব্ধরা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে থানায় নিয়ে যায়। শিশুটির মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট হাসপাতালে আগে থেকেও এ ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।