নারী অতিথিদের গোপন ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেপ্তার

0
14
নারী অতিথিদের গোপন ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেপ্তার

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই সদস্যের বিরুদ্ধে হোটেলের বাথরুমে নারী অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে কলম্বোর নারাহেনপিতা পুলিশ অভিযুক্ত দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকাকালীন মুঠোফোনের মাধ্যমে গোপনে তাঁদের ভিডিও ধারণ করা হচ্ছিলো। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওই দুই ক্রিকেটারকে আটক করে।

গ্রেপ্তারকৃত ক্রিকেটারদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় তাঁদের জামিন মঞ্জুর করেন। তবে পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে, ধারণকৃত ভিডিওগুলো কোনো পর্নোগ্রাফিক সাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৫ মে ধার্য করা হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বর্তমানে চরম প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটিকে অপসারণ করে সরকার সম্প্রতি একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। বোর্ডের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই জাতীয় পর্যায়ের উদীয়মান ক্রিকেটারদের এমন নৈতিক স্খলন লঙ্কান ক্রিকেটের ভাবমূর্তিকে বিশ্বদরবারে বড় ধরনের সংকটে ফেলেছে। এখন পর্যন্ত এই বিষয়ে এসএলসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here