ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পূর্ণ প্যানেল জয়ী

0
18
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পূর্ণ প্যানেল জয়ী

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের সবকটিতেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থীরা। তারা প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলকে পরাজিত করে এই পূর্ণ প্যানেল জয় ছিনিয়ে নেন।

২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার (১ মে) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। নির্বাচনে ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শীর্ষ পদে বিজয়ীদের প্রাপ্ত ভোট

  • সভাপতি: বিএনপি সমর্থিত আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এস এম কামালউদ্দীন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

  • সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবুল কালাম খান ৪ হাজার ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে জামায়াত সমর্থিত আবু বাক্কার সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬৭ ভোট।

সমিতির অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন:

  • সিনিয়র সহ-সভাপতি: রেজাউল করিম চৌধুরী

  • সহ-সভাপতি: আবুল কালাম আজাদ

  • ট্রেজারার: মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস)

  • সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি)

  • সহ-সাধারণ সম্পাদক: মো. মেহেদী হাসান জুয়েল

  • লাইব্রেরি সম্পাদক: খন্দকার মাকসুদুল হাসান (সবুজ)

  • সাংস্কৃতিক সম্পাদক: মারজিয়া হীরা

  • দপ্তর সম্পাদক: মো. আবজাল হোসেন মৃধা

  • ক্রীড়া সম্পাদক: সোহেল খান

  • সমাজকল্যাণ সম্পাদক: এ এস এম ফিরোজ

  • তথ্য ও যোগাযোগ সম্পাদক: শফিকুল ইসলাম (শফিক)

সদস্য পদের ১০টি আসনেই নীল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন, ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা কোনো প্যানেল দেননি। দলটির সমর্থিত কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও তাদের মনোনয়নপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে নির্বাচনী লড়াই মূলত সীমাবদ্ধ ছিল বিএনপি ও জামায়াত পন্থি আইনজীবীদের মধ্যেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here