বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে ভারত। সাম্প্রতিক উত্তেজনার পর ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম চালু করা হবে। এর আগে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালু করেছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেয় উভয় দেশ।
গত ৮ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত জানিয়েছে, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে।
বিশ্লেষকদের মতে, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা ও বাণিজ্য আরও জোরদার হবে। পাশাপাশি উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আসা বিদেশি পর্যটকদের বড় অংশই বাংলাদেশি। ২০২৩ সালে প্রায় ২১ লাখ বাংলাদেশি ভারতে গেলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পরবর্তী সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।