জনসেবায় নিবেদিত হতে ডিসিদের প্রতি মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান

0
21
জনসেবায় নিবেদিত হতে ডিসিদের প্রতি মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান

ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের গৃহীত কর্মসূচির মূলমন্ত্র ‘সবার আগে মানুষ’—এই দর্শনের ওপর ভিত্তি করে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেন, দেশের মানুষের প্রতি আমাদের সেবার মানসিকতা হতে হবে নিবেদিতপ্রাণ। এটি যেন সব সময় স্মরণে থাকে।

ডিসিদের দায়িত্ব ও ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৭৭২ সালে ব্রিটিশ ভারতে ‘কালেক্টর’ হিসেবে যে পদের সৃষ্টি হয়েছিল, সময়ের পরিক্রমায় তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীতে ‘ডেপুটি কমিশনার’ বা জেলা প্রশাসক হিসেবে বিবর্তিত হয়েছে। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের কার্যপরিধি এখন বহুমাত্রিক। এই সম্মেলন সরকারের নীতি-নির্ধারণী পর্যায় এবং মাঠ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় ও সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের মূল চালিকাশক্তি উল্লেখ করে ড. নাসিমুল গনি বলেন, বর্তমান সরকার পরিবারকে উন্নয়নের মূল একক ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সেবাইত ও ভিক্ষুদের মতো ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী বা ভাতার নতুন পাইলট প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জেলা প্রশাসকদের অন্যতম প্রধান দায়িত্ব। সঠিক উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানির মিতব্যয়ী ব্যবহার এখন একটি জাতীয় দায়িত্ব। সরকার ইতোমধ্যে জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ওপর জোর দিয়েছে। সরকারি ও বেসরকারি দপ্তরে সম্পদের অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসকদের সময়োপযোগী ভূমিকা পালন করতে হবে, যাতে সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত হয়।

সম্মেলনে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারি নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নে তাদের ভূমিকা অপরিহার্য। এই সম্মেলনের মাধ্যমে তারা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দিকনির্দেশনা গ্রহণ করবেন, যা মাঠ প্রশাসনের কাজে নতুন অনুপ্রেরণা যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here