যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার (০২ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
ফেসবুকে গোলাম মোর্তোজা জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ৬ মে (বুধবার) দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নিথর দেহ সোমবার দেশে ফিরছে। লিমনের মরদেহ দেশে আসার বিষয়ে গোলাম মোর্তোজা জানান, জাহিদ লিমনের মরদেহ আজ রাত ৯টা ৫০ মিনিটে এমিরাটসের ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমান দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে (সোমবার) সকাল ৮টা ৪০ মিনিটে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।