ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২)-কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২ মে ) আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় এ মামলা করেন।এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভগবতী মিষ্টির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। ঘটনার রাতে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে মানিকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় মানিক ছাড়াও জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়েছেন।ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।