সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের পর এক ব্রিফিংয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তার বিষয়টি দুর্ভাগ্যজনকভাবে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন জাতীয় মহাসড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আঞ্চলিক মহাসড়কগুলোকেও একই নজরদারি ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসা হবে।
সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি সড়ক ও রেল দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈদুল ফিতরের সময় আরিচায় সড়ক দুর্ঘটনা, বগুড়ায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু এবং কুমিল্লার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকায় ১২ জনের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসকদের সাথে সমন্বয় সভার বিষয়ে সেতুমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের পরিকল্পনা ও প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা যেসব পরিস্থিতির সম্মুখীন হন এবং তাদের যেসব প্রত্যাশা ও দাবি রয়েছে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ গতিশীল করতে ডিসিদের দক্ষতা ও সহযোগিতা আরও বাড়ানো এবং এ সংক্রান্ত সমন্বয় আরও জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসিরা আগামীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আরও অধিক সক্ষমতা ও গতিশীলতা প্রদর্শন করবেন।