সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধি পায়। এর আগে সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ইউসুফ আলী (৫৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘রিফাত পরিবহন’-এর একটি বাস। জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে চলে আসে এবং বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে সিএনজিচালক ও যাত্রী ইউসুফ আলী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম ও হাসপাতালের তথ্য অনুযায়ী চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।