নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় একটি রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ওই ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তদন্ত ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের অর্থ জোগানদাতা ছিলেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, এ ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। অন্যদিকে বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের আবেদন করে বলেন, মিছিলের টাকার জোগানদাতা হওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, এর সপক্ষে কোনো প্রমাণ বা স্লিপ নেই। তিনি আসামির ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন প্রার্থনা করেন।
উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলী অন্য একটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। তেজগাঁও থানায় দায়ের করা এই নাশকতার মামলায় অধিকতর তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।