আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক

0
24
আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক

যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)–এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন। নতুন সরকার গঠনের পর এটিই কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর। ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফরে তিনি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন।

সফরকালে ব্রেন্ডান লিঞ্চ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

এবারের সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করা। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ঘাটতি কমানো, বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং চুক্তির নীতিগত সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া জ্বালানি খাতে ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য আমদানির যে প্রতিশ্রুতি রয়েছে, তাও আলোচনায় প্রাধান্য পাবে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য দীর্ঘদিনের কিছু অশুল্ক বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা ও পরিবেশগত মান অনুযায়ী তৈরি গাড়ি গ্রহণ, এফডিএ অনুমোদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম গ্রহণ এবং রিম্যানুফ্যাকচারড পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও লাইসেন্সিং বাধা তুলে নেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টিও এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। এই চুক্তি সইয়ের ফলে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ব্রেন্ডান লিঞ্চের এই সফরের মাধ্যমে বাণিজ্য সংলাপ আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here