কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে প্রধানমন্ত্রীর উৎসাহ প্রদান

0
22
কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে প্রধানমন্ত্রীর উৎসাহ প্রদান

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মেধা ও ইচ্ছাশক্তির অনন্য নজির স্থাপন করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। তার নিজের হাতে তৈরি বিশেষ ‘স্মার্ট কার’ পরিদর্শন করেছেন এবং তাতে চড়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র ওয়াকিমুল জানান, নিজের চলাফেরার সমস্যা দূর করতেই তিনি এই গাড়িটি তৈরির কাজ শুরু করেন। ব্যাটারি চালিত এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। বর্তমানে গাড়িটির কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক চার্জে চালিত এই বাহনটি একবার পূর্ণ চার্জ দিলে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

প্রদর্শনীর সময় প্রধানমন্ত্রী নিজে গাড়িতে বসে ওয়াকিমুলের কাছ থেকে এর নির্মাণ প্রক্রিয়া, সুবিধা এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত শোনেন। তিনি স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে এমন সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহন তৈরির ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওয়াকিমুলের বাবা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি এই অনুপ্রেরণা পেয়ে ওয়াকিমুল ও তার পরিবার অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই উদ্ভাবন কেবল প্রতিবন্ধীদের জন্য নয়, বয়স্কদের চলাচলেও বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here