চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন ওরফে সোহরাব আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত সাজ্জাদ আনোয়ারা থানার হাজীগাঁও গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দুই দিন পর ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়রা আনোয়ারা থানার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার একটি পুকুরে হাত, পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। মরদেহে জবাই এবং বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
পরে নিহতের বাবা পরিহিত পোশাক দেখে মরদেহটি সাজ্জাদের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হত্যা মামলার পলাতক আসামি সুমন ওরফে সোহরাব আলী কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।