কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

0
6
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা মহানগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১২ মে) রাতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বুধবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমজাদ হোসাইন রিপনকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপন কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মাহে আলমের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তার করাই ছিল তার মূল লক্ষ্য।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here