নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

0
5
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাদের বাড়িতে সরকারি চাল মজুত রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে তারা বাড়ির একটি কক্ষে ৯৯ বস্তা চাল দেখতে পান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি সুবর্ণচর উপজেলা প্রশাসন ও চরজব্বার থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযানের খবর পেয়ে আবদুস সামাদ বাড়ি থেকে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে আবদুস সামাদ বলেন, চাল যেগুলো পাওয়া গেছে সেগুলো আমার ছোট ভাইয়ের। সে লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়ন মাদ্রাসার বরাদ্দকৃত চাল ক্রয় করেছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সরকারি সিলযুক্ত ৯৯ বস্তা চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিষয়টিকে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করছে স্থানীয় জামায়াত নেতারা। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে। চালগুলো ৩টি মাদরাসা থেকে ক্রয় করেছে আবদুস সামাদের ছোট ভাই মো. কামাল। এ বিষয়ে প্রশাসনের কাছে প্রমাণাদি সরবরাহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here